আন্তর্জাতিক

ইরানের চাপে পিছু হটেছে মার্কিন বাহিনী: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এই দাবি করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী এখন ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে। তবে নিজেদের সিদ্ধান্তে মার্কিন বাহিনী এই অবস্থান পরিবর্তন করেনি বলেও দাবি করেন তিনি।

ফাদাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আইআরজিসির স্থলবাহিনীর সামরিক সক্ষমতার কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।

তার দাবি, এবারই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই।

মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার মুখে পড়লে ‘১০০ শতাংশ ঝুঁকিতে’ থাকবে বলেও মন্তব্য করেন ফাদাভি।

অবরোধ অব্যাহত রাখার দাবি যুক্তরাষ্ট্রের

ফাদাভির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

তবে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আইআরজিসি #মার্কিন সামরিক বাহিনী