রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। আজ (৫ অক্টোবর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে।
একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। গত ৩০ সেপ্টেম্বর রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আই/এ