আন্তর্জাতিক

কিং খালেদ বিমানবন্দরে হুথিদের হামলা, পাইলটসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একজন পাইলটও রয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিমানবন্দরটিতে হামলার দাবি করার পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহতের তথ্য জানিয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের প্রথম হামলাটি বিমানবন্দরে এবং দ্বিতীয়টি সৌদিয়ার একটি উড়োজাহাজে চালানো হয়। এতে বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হুথি গোষ্ঠী দাবি করে, দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে তারা। এ ছাড়া সৌদি সীমান্তের কাছে নাজরান শহরের বিমানবন্দর এবং আরও উত্তরে খামিস মুশাইত বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় আরও তিনজন নিহত হন। বুধবার সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। একই সময়ে কিং খালিদ বিমানবন্দরে আরেক হামলায় একজন নিহত হন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব