সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গেল ১০ অক্টোবর ইয়েমেনের হুথিদের চালানো হামলায় বিমানবন্দরে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বাংলাদেশ সরকার এ হামলার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানিয়েছে।
নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। পাশাপাশি আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোয় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সরকার সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
এমএ//