নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবির হোসেন (২২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই ও প্রতিবেশী বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়া ও তার লোকজন এনামুলের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাবা-ছেলের ওপর হামলা চালান। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আবির মারা যান। তার বাবার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএ//