বিএনপি

নির্বাচনের দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার দাবি বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে গিয়ে কাজ করছেন। আইনের সরাসরি বাধা না থাকলেও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে বিশেষ বিশেষ আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। যে বাড়িতে মাত্র ৪-৫ জন মানুষ থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটার দেখানো হয়েছে। অনেক ক্ষেত্রে হোল্ডিং নম্বর ছাড়াই ভোটার নিবন্ধন করা হয়েছে। ইসি এসবের প্রমাণ পায়নি বললেও তাদের দেওয়া তথ্যে বিএনপি সন্তুষ্ট হতে পারেনি

তিনি অভিযোগ করেন,  বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটিগঠন করা হচ্ছে এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিরোধী পক্ষকে দমনের চেষ্টা চলতে পারে। তবে ইসি এই বিষয়টি তাদের জানা নেই বলে বিএনপি প্রতিনিধি দলকে অবহিত করেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অপ্রাসঙ্গিক সংস্থার অন্তর্ভুক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে শুধু তাদেরই রাখা হোক। আজ বিএনসিসি আনা হচ্ছে, কাল হয়তো স্কাউটকে আনা হবে। এটা নির্বাচনের পরিবেশের জন্য শুভ নয়।

এ বিএনপি নেতা বলেন,  ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয়েছে। ইসি কি সব কিছু গভীরভাবে চিন্তাভাবনা করে অনুমোদন য়েছেন? যাদের আসলে সক্ষমতা আছে, শুধু তাদেরই পর্যবেক্ষক করা উচিত। পাশাপাশি এক কেন্দ্রে যেন একসঙ্গে অনেক পর্যবেক্ষক ঢুকে বিশৃঙ্খলা না করে, সেদিকে নজর রাখতে হবে।

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকরিয়া।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নজরুল ইসলাম খান