গাজীপুর নগরীর গাছা এলাকায় প্রকাশ্যে রানু বেগম (৪০) নামে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার স্বপন গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে স্বপনকে গ্রেপ্তার পুলিশ। আজ ১ ফেব্রুয়ারি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রানু বেগম কাপড়ের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার ছেলে স্বপনের সঙ্গে রানুর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার সকাল ৮টার দিকে স্বপনের বাবাকে গালাগাল করেন রানু বেগম।
বিষয়টি জানতে পেরে গতকাল স্বপন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রানু বেগমের ওপর হামলা করেন। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। রানুকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে স্বপন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রানু বেগম মারা যান।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আশিক যদি অপরাধ করে থাকেন, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি বর্তমানে সংগঠনের কোনও কার্যক্রমে যুক্ত নন।’
আই/এ