আন্তর্জাতিক

অবশেষে বাড়ি ফিরেছে যুক্তরাষ্ট্রে আটক ৫ বছরের শিশু ও তার বাবা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর হাতে আটক পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোস ও তার বাবা আদ্রিয়ান আলেক্সান্ডার কোনেহো আরিয়াস অবশেষে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো এ তথ্য নিশ্চিত করেন। তাদের টেক্সাসের ডিলি ডিটেনশন সেন্টার থেকে ছেড়ে দেয়া হয়েছে।

মুক্তির খবর জানিয়ে কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “লিয়াম এখন বাড়িতে—তার টুপি আর ব্যাকপ্যাকসহ।” মিনেসোটার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ও আইসিই–এর কঠোর সমালোচক ইলহান ওমরও আলাদা এক পোস্টে বাবা–ছেলের নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে লিয়ামকে মিনিয়াপোলিসের একটি এলাকা থেকে আইসিই কর্মকর্তাদের হাতে তুলে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, শিশুটির মাথায় নীল রঙের টুপি, কাঁধে একটি ব্যাকপ্যাক। মুহূর্তেই সেই ছবি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতীক হিসেবে আলোচনার কেন্দ্রে চলে আসে। বাবা–ছেলের আটককে ঘিরে যে ডিটেনশন সেন্টারে তারা ছিলেন, তার বাইরে বিক্ষোভও হয়, আর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তবে এসব সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে দাবি করে, আইসিই কোনো শিশুকে লক্ষ্য করে আটক অভিযান চালায়নি।

পরিস্থিতি মোড় নেয় শনিবার, যখন পরিবারের আইনজীবী জরুরি আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে মার্কিন জেলা বিচারক ফ্রেড বায়ারি বাবা–ছেলেকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। রায়ে বিচারক বায়ারি এই আটককে ‘নিয়ন্ত্রণহীন ক্ষমতার প্রতি বিশ্বাসঘাতক আকাঙ্ক্ষা’ থেকে পরিচালিত বলে উল্লেখ করে তীব্র ভাষায় সমালোচনা করেন।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনোনীত এই বিচারক বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বহিষ্কার প্রক্রিয়া বর্তমান বাস্তবতার চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল ও মানবিক হওয়া উচিত।

পিতা–পুত্র টেক্সাসে আটক থাকার সময় কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, পরিবার, সহপাঠী ও পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকায় শিশুটি মানসিকভাবে ভালো নেই।

ডিএইচএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে পরিবারের আইনজীবীরা বলছেন, আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া তারা যথাযথভাবেই অনুসরণ করেছেন।

সূত্র: বিবিসি

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন যুক্তরাষ্ট্র #আইসিই #ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট #মিনেসোটা #ডোনাল্ড ট্রাম্প