আইন-বিচার

পূর্বাচল প্লট দুর্নীতি

শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির দুই পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দু’টি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা দেয়া হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম  এ রায় দেন।

রায়ে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বোন শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছর করে কারাদণ্ড এবং তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাজউক ও গণপূর্ণ মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে, গত ১৮ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য সোমবারের দিন ধার্য করেছিলেন।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুথানের মুখে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি মাসে ছয়টি মামলা করে দুদক।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ৪টি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। যেখানে ৪টি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুলের ৫ বছর করে, বোন শেখ রেহানা ৭ বছর এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক ২ বছরের সাজা পেয়েছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #টিউলিপ সিদ্দিক #কারাদণ্ড #জরিমানা