আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জন্য বিশেষ হটলাইন চালু করেছে। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্বাচনি এলাকার যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু’ হটলাইন ৩৩৩ নম্বরে কল করতে পারবেন।
এদিকে, ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) তাদের ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ অন্যান্য তথ্য জানতে চারটি সহজ পদ্ধতি চালু করেছে।
ইসির তথ্য অনুযায়ী, এই পদ্ধতিগুলো ব্যবহার করে ভোটাররা দ্রুত ও সঠিকভাবে নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটাররা এ হটলাইন ও ইসির নির্দেশিত পদ্ধতিগুলো ব্যবহার করে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন।
পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।
পদ্ধতি-২: হটলাইন নম্বর
বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
পদ্ধতি-৩: এসএমএস সেবা
খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
এছাড়া ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তাদের ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখতে পারবেন। গুগল ম্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্রের দূরত্ব, যাওয়ার রাস্তা এবং বিস্তারিত পথনির্দেশও সহজে জানা সম্ভব হবে।
এসি//