রাজনীতি

টাকাসহ আটক হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: জামায়াত

ঠাকুরগাঁও জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধ কোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে। 

তিনি বলনে, এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা ঘটছে।

তিনি অভিযোগ করে বলনে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। 

এর আগে বুধবার দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে বিমানবন্দর পুলিশ। 

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা এবং সেটি তার ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত অর্থ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঠাকুরগাঁও #জামায়াতে ইসলামী #জামায়াত