জাতীয়

শুক্রবারেই জানা যাবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল: ইসি সানাউল্লাহ

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন, শুক্রবার সকালে সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গণভোট ও নির্বাচন বিষয়ক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ছিল ডিজিটাল, তবে ভোট গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। প্রতিটি ডাকযোগে পাঠানো ভোট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনার আওতায় আসবে।

নিরাপত্তা প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সিসিটিভি ক্যামেরার আওতায় কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তিনি স্পষ্ট করেন, দ্বৈত নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এ ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে; দ্বৈত নাগরিকত্ব রেখে নির্বাচন করা যাবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #ইসি সানাউল্লাহ #ভোট #ফলাফল