দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
নাবুর বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগের চেষ্টা করার সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত ও সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে।
গালুশচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া, ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশটির সবগুলো পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে যে কোনো কন্ট্রাক্টের বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার তার বিরুদ্ধে।
এসব অভিযোগ ওঠার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এবার দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হলো তাকে।
উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। গেরমান গালুশচেঙ্কোও তাদের মধ্যে অন্যতম।
দুর্নীতি ইউক্রেনের সরকারি প্রশাসনের বড় একটি সমস্যা। মূলত, এই কারণেই এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির ব্যাপারটি এখনও ঝুলে আছে।
এসি//