রাজধানীর লালবাগ এলাকার আজিমপুর এতিমখানার সামনের সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আমজাদ হোসেন (৬৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমজাদ হোসেন ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধলা মিয়া। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছেলে সাকিব জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তার বাবা অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে তারা জানতে পারেন, আজিমপুর এতিমখানার সামনে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার বাবার অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ//