বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।
আই/এ