কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করেন।
বোটে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারচেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আই/এ