আন্তর্জাতিক

‘ইসরাইল যদি মধ্যপ্রাচ্য দখলে নেয়, তাতেও আপত্তি নেই’

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি মধ্যপ্রাচ্যে বিস্তৃত হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটির কোনো আপত্তি নেই। তিনি এটিকে ইহুদী জনগণের ঐতিহাসিক অধিকার হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সাক্ষাৎকারে হাকাবি বাইবেলের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আব্রাহামের বংশধরদের জন্য প্রতিশ্রুত ভূমি ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত, যা আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করবে।

কার্লসন এ বক্তব্যে কিছুটা বিস্মিত হয়ে জানতে চান, সত্যিই কি তিনি চান ইসরাইল পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত হোক। জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা এটা দখল করতে চায় না। তারা দখল নিতে চাইছে না।

খ্রিস্টান জায়নবাদী হিসেবে পরিচিত হাকাবি ইসরাইলের সম্প্রসারণের ধর্মীয় ভিত্তিক সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেন, যদি ইসরাইল প্রতিরক্ষা যুদ্ধ জিতে কোনো ভূখণ্ড দখল করে, তবে তা আলাদা আলোচনার বিষয় হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। প্রশ্ন করা হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’ও কি হাকাবির মতো ইসরায়েলের সম্প্রসারণকে সমর্থন করেন কি না।

বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক আইনে ভূখণ্ডের অখণ্ডতা এবং বলপ্রয়োগে দখল করা নিষিদ্ধ। ২০২৪ সালে আন্তর্জাতিক আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করেছে। তবে ইসরাইলের নিজস্ব আইনে দেশের সীমানা স্পষ্ট নয়। ১৯৮১ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরাইল সেটিকে নিজেদের সঙ্গে যুক্ত করে, যা কেবল যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।

হাকাবি প্রেসিডেন্ট ট্রাম্প ও রুবিওকে আন্তর্জাতিক আদালতের প্রভাব কমানোর চেষ্টা করার জন্য প্রশংসা করেছেন। তবে, ইসরাইলি বাহিনীর হাতে নিহত বা আটক হওয়া মার্কিন নাগরিকদের অধিকার নিয়ে তিনি কোনো মন্তব্য না করায় সমালোচনার মুখোমুখি হন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #যুক্তরাষ্ট্র #ফিলিস্তিন