দেশজুড়ে

নবীনগরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করতে গিয়ে চার গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নবীনগর অংশে সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে অভিযোগ রয়েছে, নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকার একটি চক্র নির্ধারিত সীমানা অতিক্রম করে চরলাপাং এলাকায় বালু তুলছে। এতে ফসলি জমি ও আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

রোববার সকালে গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। এ সময় স্পিডবোট ও নৌকায় করে আসা একদল লোক এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #মেঘনা নদী