নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে উল্টে পড়ে নিহত হয়েছেন ১৮ জন। আহত হয়েছেন আরও ২৮ জন। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানিয়েছেন, মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে পিৃথ্বী হাইওয়ের ধাদিং অংশে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় রাত ১ টা ৩০ মিনিটে বাসটি নদীতে পড়ে।
দুর্ঘটনার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় মোট ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক। আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসটির উচ্চগতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
সূত্র : এএফপি
এসি//