হঠৎ বৈরী আবহাওয়ার কবলে পড়েছে নিউইয়র্ক সিটি ও নিউ জার্সি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে দুই শহর জুড়ে ভারী তুষারপাত শুরু হয়েছে, সঙ্গে রয়েছে দমকা ও তীব্র বাতাস। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতি আরও অবনতি হয়ে শক্তিশালী তুষারঝড়ে রূপ নিতে পারে।
এ অবস্থায় নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বহাল রয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অধিকাংশ এলাকায় ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় প্রায় ৫৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জরুরি অবস্থার মধ্যে বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং উত্তর নিউ জার্সির বিভিন্ন এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এসি//