দেশজুড়ে

ইফতার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি বাসের সংঘর্ষে শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার বাসিন্দা আজাদের স্ত্রী মমতা বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ইফতার শেষে ফেরার পথে দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকার শহীদ মান্নান সড়কে এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নাদের পরিবহণের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নেন বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছুলে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত চারজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ঢাকাগামী নাদের পরিবহনের বাসটিকে স্থানীয়রা উপজেলার  সোনাহার বাজারে আটক করেন। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সোনাহার বাজার কাউন্টার থেকে চালককে গ্রেপ্তার করে।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #দুর্ঘটনা