ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকরা দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তারা সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে যোগদানপত্র জমা দেন।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এবার প্রশাসক হিসেবে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে, মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন।
এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রীর কাছ যোগদানপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা নাগরিক সমস্যাগুলো লাঘবে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
এসি//