পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উত্তরা জোনের উপ-কমিশনার (ডিসি) ছিলেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে তাকে রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত করা হয়।
২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় । তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে সুপারনিউমারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান এবং সর্বশেষ অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এমএ//