ডিসেম্বর মাসকে ঘিরে দেশে বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি, অন্যান্য সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, সন্ধ্যা ও রাতের সময় বিশেষ গুরুত্ব দিয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ সময়গুলোতে মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা। এ জন্য সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো সন্দেহজনক তথ্য পাওয়ার পর তা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
এত চেকপোস্ট ও টহল থাকার পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমজে/এ