রাজধানী

৩ দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

থানার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। তাদের দাবি, নাইমুদ্দীন কোনো অপরাধে জড়িত ছিলেন না, তবুও তিনি হামলার শিকার হয়েছেন।

শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন—বিনা কারণে কাউকে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? সাধারণ মানুষ কি রাস্তায় চলাচল করতে পারবে না? তারা ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে;

ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে;

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাবি #শাহবাগ থানা #ডিসি মাসুদ