ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ২০ নভেম্বরের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে সব মোটর সাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রক্টর অফিস থেকে মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে—বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মোটরসাইকেল ব্যবহার করেন—নিজ নিজ অফিস-প্রধানের সুপারিশসহ প্রক্টরের কাছে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও পাসপোর্ট সাইজ রঙিন ছবি দাখিল করতে হবে।
প্রসঙ্গত, গত ৮ থেকে ১০ নভেম্বর (৩ দিনে) ঢাবি ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা। এ তিন দিনে ক্যাম্পাসের অন্তত ১১টি স্থানে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ নভেম্বর টিএসসি, সিনেট ভবন, ভিসি চত্বর, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। পরদিন ৯ নভেম্বর টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশন ও রাজু ভাস্কর্যের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়।
১০ নভেম্বর কলাভবনের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে ককটেল বিস্ফোরিত হলে চালক সোহেল (৩৬) স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এমজে/এ