আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। সে সময় তাকে সচিব পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি আবারও একই পদে নিয়োগ পেলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে কাজ করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে দায়িত্ব পালনকালে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
এমএ//