স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের কোনও সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। কোনও উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অফিস না থাকে এমন পরিস্থিতি রাখা হবে না। ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধন হবে বা বাতিল হবে– তা সংসদেই নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে তারা অতি শিগগির যেন আইনের আওতায় আসে সে ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। সরকারের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনোকিছু বাদ থাকবে না, এদেরকে আইনের আওতায় আনা হবেই। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর।
আই/এ