পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার মূল অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) কনস্যুলার অ্যাক্সেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
রোববার (৮ মার্চ) রাতে উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের কথা আজ উপ-কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। এ সংবাদের পরেই উপ-হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং ভারত সরকারকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়।
গত ৭ মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফয়সাল ও আলমগীরকে আটক করে।
প্রসঙ্গত, কোনও বিদেশী রাষ্ট্রে আটক বা গ্রেপ্তারকৃত ব্যক্তির নিজ দেশের কনস্যুলার বা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের আইনি অধিকারই হলো কনস্যুলার অ্যাক্সেস।
আই/এ