আন্তর্জাতিক

তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর জন্য অপেক্ষা করুন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তর-এর মুখপাত্র এব্রাহিম জোলফাকারি বলেন, সাম্প্রতিক হামলার জবাবে ইরান শুধু প্রতিশোধমূলক পাল্টা আঘাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রয়োজন হলে প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানো হবে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। একই সঙ্গে সতর্ক করে বলেন, ইরান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও পৌঁছাতে দেবে না। তাদের উদ্দেশে যাত্রা করা যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকারকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

জোলফাকারি বলেন, তেলের দাম মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি সেই নিরাপত্তা অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়বে। তাই তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #তেল