রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত ও একজন নিখোঁজের ঘটনায় দুই লঞ্চের পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিখোঁজ যাত্রী মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।
আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, মামলায় বেপোরোয়া গতিতে নৌযান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
তিনি জানান, “মামলার পর দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”
গত ১৮ মার্চ সদরঘাটে এমভি আসা যাওয়া ৫ এবং এমভি জাকির সম্রাট ২ লঞ্চের মাঝখানে পড়ে সোহেল (২২) নামে এক যুবক প্রাণ হারান। একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ।
আই/এ