জাতীয়

ঈদে স্বজনদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।‘

তিনি আশা প্রকাশ করেন, যেভাবে মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে, ভবিষ্যতেও তা আরও সুন্দরভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে আরও জোরালোভাবে কাজ করতে পারবে।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদ এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #ঈদুল ফিতর #প্রধানমন্ত্রী #তারেক রহমান