আন্তর্জাতিক

রিমান্ড শেষে ভারতের আদালতে হাদি হত্যা মামলার দুই আসামি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (রাহুল) ও আলমগীর হোসেনকে রিমান্ড শেষে ভারতের আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের তোলা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

আদালতে নেওয়ার আগে শারীরিক পরীক্ষার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে, গেল ৭ মার্চ ভারতের বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। তদন্ত সূত্রে জানা গেছে, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরে দেশে ফেরার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষ হওয়ার পর আবারও তাদের আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, গেল বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইনকিলাব মঞ্চ #শরিফ ওসমান হাদি #হাদি