বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা সুস্থতার দিকে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যদের আশা চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যেই মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।
তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দফা মস্তিস্কে অপারেশন শেষে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
আই/এ