দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করা হবে।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিপিসি।
এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে পণ্য সরবরাহের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম প্রতিদিন সকাল ৭টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়। সারা দেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আই/এ