কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ১৩ জন জেলেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার (২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জেলেরা সাগরে মাছ শিকার শেষে নিজ নিজ ঘাটে ফিরছিলেন। এ সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌযান ঘিরে ফেলে এবং জেলেদের জোরপূর্বক ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ গণমাধ্যমকে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটক জেলেরা হলেন—মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মো. মীর কাসেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আব্দুল খালেক (৪০) এবং মো. জাবের মিয়া (২৪)। তারা সবাই শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি।
এর আগেও একাধিকবার জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ফলে নাফনদীতে মাছ ধরতে যেতে এখন ভয় পাচ্ছেন জেলেরা। এতে জেলে পরিবারগুলো চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
আই/এ