আন্তর্জাতিক

তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ট্রাকচাপায় এক পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন কর্মী।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত নাহিদ সর্দার (৩০) স্থানীয় একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। তিনি পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। 

পাম্পের কর্মচারীরা জানায়, রাতের দিকে এক ট্রাকচালক তেল নিতে এসে সরবরাহ না থাকায় ক্ষুব্ধ হন। এ নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক হুমকি দিয়ে ঘটনাস্থলেই অবস্থান করেন।

পরে নাহিদ সর্দার পাম্পের কাজ শেষে সহকর্মী জিহাদুলকে নিয়ে বাড়ির পথে রওনা দিলে ওই ট্রাকচালক তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর ট্রাক দিয়ে নাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন এবং আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বের হুমকি অনুযায়ী পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পেট্রোল পাম্প #হত্যা