যুক্তরাষ্ট্র-ইসরায়ের-ইরান যুদ্ধে ভুগছে উপসাগরীয় দেশগুলো। প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এখনো দুই পক্ষই পাল্টা-পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। সেই ধারাবাহিকতায় রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে। দুই দিনের এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনায় বসানোর প্রচেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জেনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আলোচনায় হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে।
প্রথম দিনের আলোচনা শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিকভাবে শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ও স্থায়ী সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা বলেন। এটি ছিল পাঁচ দিনের মধ্যে তাদের দ্বিতীয় ফোনালাপ।