দেশজুড়ে

ফেসবুক লাইভে এসে দুই সন্তানকে নিয়ে পিতার বিষপান

ফেসবুক লাইভে এসে দুই শিশুপুত্রকে নিয়ে বিষপান করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি জেলার সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাকিব তালুকদার নামে ওই ব্যক্তি ও তার দুই ছেলে—নিবিড় (১১) ও আবির (৮)—গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না। ফেসবুক লাইভে তিনি ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

লাইভে তিনি বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’

প্রতিবেশীরা জানান, মাগরিবের আগে রাকিবের ঘর থেকে চিৎকার শুনে তারা সেখানে গিয়ে তিনজনকে অসুস্থ অবস্থায় দেখতে পান। ঘরে বিষের গন্ধ পাওয়া গেলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের দাবি, এ বিষয়ে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি।

ওসি আরিফুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝালকাঠি