জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমানকেও একই স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তোলেন তিনি।
বুধবার (০৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘আমার আবেগের একটি কথা, একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া ও তাঁর সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ৯ মাস বন্দী ছিলেন।
তিনি বলেন, যদি কোনো দিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতাযুদ্ধের যে অবদান, সে জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তাঁর সহোদর ভাই—আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।’
তিনি আরও বলেন, এই দাবি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ঐতিহাসিক বাস্তবতার আলোকে তুলেছেন। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকেও এ দাবি এসেছে বলে উল্লেখ করেন তিনি।
এমএ//