জাতীয়

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ: আইজিপি

রাজশাহী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলি আলী হোসেন ফকির। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল অপরাধ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দক্ষ ও আধুনিক হতে হবে।

বুধবার (০৮ এপ্রিল) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এই দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য হিসেবে তোমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। তাই পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের করতে হবে।

তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া তোমাদের নৈতিক কর্তব্য।

তিনি আরও বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না। একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ, যে পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।

অনুষ্ঠানে পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও কৃতী প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইজিপি #আলী হোসেন ফকির