দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, এতিমখানায় গেল বিয়ের খাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পৌরসভার বগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাওদা আক্তার লামিয়া নামে ১৬ বছর ৬ মাস বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত অভিযান চালায় প্রশাসন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তদন্তে লামিয়ার বয়স প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়েটি আইনত অবৈধ বলে বিবেচিত হয়।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কিশোরীর বাবা সেন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে স্থানীয় আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি মেয়েদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনে বড় বাধা সৃষ্টি করে। তিনি জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি। বাল্যবিবাহ রোধে অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #বাল্যবিবাহ