দেশজুড়ে

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান রয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বায়ান্ন টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

পুলিশ জানায়, হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখতে পান। পরে ভেতরে ঢুকে খাটের ওপর চাদরে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ডাকাতি করে এবং পরে পরিবারের সদস্যদের হত্যা করে।

ওসি মাহবুবুর রহমান বলেন, ‘হত্যার প্রকৃত কারণ এখনও অনুমান করা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নওগাঁ #নিয়ামতপুর #গলা কেটে হত্যা