জাতীয়

বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে চালু থাকা সবশেষ ইউনিটের  বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট বন্ধ ছিল।

বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, প্রথম ইউনিটের চারটি কোলমিলের মধ্যে দুটি ভেঙে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে গেছে।  পাথর মিশ্রিত কয়লার কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে, আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

জানা গেছে, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়আর তৃতীয় ইউনিটটির উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বড়পুকুরিয়া