দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়িগামী একটি নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পর গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, সকাল সাড়ে ৯টার দিকে দ্রুতগতির মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে তিনজন নিহত হন এবং চারজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে।

 

এদিকে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও হাইওয়ে পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #কক্সবাজার #সড়ক দুর্ঘটনা #মৃত্যু