দেশজুড়ে

ময়মনসিংহের সেই যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ফরহাদ বেকার মুক্তি আন্দোলন নামের একটি সংগঠনের সদস্য সচিব ছিলেন। তিনি মাদক বিরোধী আন্দোলন ও বাল্যবিবাহ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।  হত্যাকাণ্ডের একদিন আগে রাজধানীর প্রেসক্লাবের সামনে পুলিশ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিহতের বাবা মো. আব্দুল সাত্তার (৬৬) বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে ফরহাদ বাসা থেকে বের হন। রাত ১০টা ২১ মিনিটের দিকে মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা এলাকায় নিহতের বাসার সামনে টিনের সীমানা প্রাচীরের বাইরের ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ২ ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ফরহাদের মুখ চেপে ধরে পাউডার জাতীয় কিছু ছিটায় এবং পরবর্তীতে শরীরে দাহ্য পদার্থ (পেট্রোল) ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

আগুন লাগার পর নিজেকে বাঁচাতে ফরহাদ পাশে থাকা ডোবার কাদাপানিতে গড়াঘড়ি করেন। তবে আগুন না নেভায় এবং শরীরের কাপড় পুড়ে যাওয়ায় তিনি নগ্ন ও দগ্ধ অবস্থায় দৌড়ে প্রধান সড়কের দিকে আসেন এবং শাকির কম্পিউটার সংলগ্ন একটি সেলুনের সামনে পাকা রাস্তার ওপর পড়ে যান।

ঘটনার দিন রাত ১২টার দিকে একজন অজ্ঞাত সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে ফরহাদের কাছে আসায় তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। এই সামাজিক ও মাদকবিরোধী কর্মকাণ্ডের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিহতের পরিবারের ধারণা।

এ ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহ #যুবক