দেশজুড়ে

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেরুন্নেছা উর্মি (২৮) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্তকৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। এছাড়া উর্মি আমতলী পৌর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে পশ্চিম বাদুরতলীর একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন উর্মি। পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উর্মির স্বামী থানায় খবর দেন যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #মরদেহ উদ্ধার