বৃষ্টি বিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে সফরকারীরা।
শনিবারের (০২ মে) ম্যাচে বৃষ্টির কারণে খেলা কমে আসে। বাংলাদেশের দেওয়া ১০৩ রানের লক্ষ্য নিউজিল্যান্ড ২০ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত হয় পেয়ে যায়।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটিই হয়ে ওঠে সিরিজ নির্ধারণী লড়াই।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭ রান। তবে ১০ বলে ১৬ রান করে ইনিংসের চতুর্থ ওভারে আউট হন তিনি।
এরপর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানের মধ্যেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অধিনায়ক লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৭ বলে ২৩ রান করে বিদায় নেন।
ইনিংসের মধ্য ও শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। ২৪ বলের ইনিংসে তিনি মারেন তিনটি চার ও দুটি ছক্কা। তবে দলের আট ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।
এদিকে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পেসার শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ে ২৫ রানেই তিন উইকেট হারায় কিউইরা। শরীফুল তিন ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন তিনটি উইকেট।
পরে মেহেদী হাসান চতুর্থ উইকেট তুলে নিলে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৩/৪। সেখান থেকে বেভন জেকব ও ডেন ফক্সক্রফট ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দুজন মিলে ৪০ বলে ৭০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন।
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেভন জেকব। তিনি ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা।