জাতীয়

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৩ লাখ গবাদিপশু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চলতি বছর দেশে কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারে, যা সম্ভাব্য চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রোববার (০৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। সে হিসাবে চাহিদার তুলনায় এবার প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি গবাদিপশু অতিরিক্ত থাকবে।

সরকারি হিসাব অনুযায়ী, কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট, দুম্বাসহ অন্যান্য প্রজাতির পশু রয়েছে ৫ হাজার ৬৫৫টি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কোরবানির পশু নিয়ে কোনো ঘাটতির আশঙ্কা নেই। দেশীয়ভাবে প্রস্তুত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব হবে, ফলে বাজারে সংকট তৈরি হওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, সীমান্তপথে অবৈধভাবে কোরবানির পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি চালাবে। এ কাজে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সক্রিয় থাকবে এবং কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেন, কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা হাসিল নেয়া হবে না।

কোরবানির পশুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কোরবানি #গবাদিপশু