জাতীয়

শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগী আসামি আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন। জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে তারা যদি পুনরায় অপরাধে জড়ায়, তাহলে অভিযোগ ও মামলার ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সোমবার (৪ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  কেউ শীর্ষ সন্ত্রাসী হোক বা সাধারণ ব্যক্তি হত্যাকাণ্ড মানেই অপরাধ। মামলা হলে তদন্ত হবে এবং আইনের আওতায় আনা হবে।

বিএনপি নেতার গ্রেপ্তার কেন্দ্র করে কুমিল্লায় একটি থানা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রশাসন আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

পুলিশ কর্মকর্তাদের বদলি ও বাধ্যতামূলক অবসর নিয়ে তিনি আরও বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি ও অবসর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এসব সিদ্ধান্ত আইনানুগ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন পদও সৃষ্টি করা যায়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয়ের নিজস্ব কমিটি কাজ করে এবং বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী